অনলাইনে ভ্যাট পরিশোধে ই-পেমেন্ট সিস্টেম চালু
কম সময়ে সরকারি কোষাগারে ভ্যাট পরিশোধে ই-পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে এখন থেকে ঘরে বসেই অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভ্যাটের টাকা জমা দিতে পারবে।
আপাতত তিনটি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে। তবে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব ব্যাংক থেকে ই-পেমেন্ট করা যাবে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ই-পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন।
এ পদ্ধতি ব্যবহার করে ভ্যাটের আওতায় নিবন্ধিত ব্যক্তি নিজস্ব ব্যাংক হিসাব থেকে সরাসরি ভ্যাট, সম্পূরক শুল্কসহ যেকোনো প্রদেয় কর সহজে, ঝুঁকিমুক্ত অবস্থায় এবং কম সময়ে সরকারি কোষাগারে জমা দিতে পারবেন।
এর আগে গত সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর। ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) থেকে পাঠানো কর পরিশোধ সংক্রান্ত ইলেকট্রনিক নোটিফিকেশনকে ট্রেজারি চালানের বিকল্প হিসেবে এমন আদেশ জারি করা হয়।